পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার সকল ধর্মাবলম্বীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
প্রতিমন্ত্রী শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর পূজামণ্ডপে আয়োজিত বৈঠকে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কমল পাণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় শাহরিয়ার আলম বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতে পারে।'
তিনি আরো বলেন, 'বর্তমান সরকার জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে অত্যন্ত ইতিবাচক ও সতর্ক। এজন্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত এবং সকল ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির পরিবেশে বসবাস করছে।'
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'যদি সকল ধর্মের নিয়ম-নীতি মানুষ তাদের জীবনে অনুসরণ করত তাহলে সমাজে সন্ত্রাস, দুর্নীতি এবং অবক্ষয় অনেকাংশে হ্রাস পেত। কোনো ধর্মই নারী ও শিশুর প্রতি সন্ত্রাস, সহিংসতা সমর্থন করে না, সামগ্রিকভাবে নারী ও শিশুর প্রতি সম্মান দেখানোর জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।'
তিনি আরো বলেন, কোনো ধর্মই সমাজে অবক্ষয় এবং অস্থিরতা সমর্থন করে না, বরং সকল ধর্মেই সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছে। তাই সর্বত্র সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ স্থাপনের মাধ্যমে সমাজ থেকে মাদকাসক্ত, ধর্ষণ, বাল্যবিবাহ এবং যৌতুকসহ সামাজিক বিভিন্ন ব্যাধি দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/এসএস
