মুহিতুল ইসলামের দাফন সম্পন্ন

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৯:১৮
 
রাষ্ট্রীয় মর্যাদা আর ফুলেল শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী বীরমুক্তিযোদ্ধা এএফএম মুহিতুল ইসলাম। শুক্রবার জুম্মার নামাজের পর যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরদারবাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
 
এর আগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তার ৪র্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে। এখানে পুলিশের একটি চৌকস দল তার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে। কাশিমপুরের দাফন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এর আগে শুক্রবার সকাল ১০টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ৩য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে এখানেও পুলিশের একটি দল তার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে। জানাজার পর মরহুমের কফিনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, স্বপন ভট্রাচার্য্য এমপি, শেখ আফিলউদ্দিন এমপি, মনিরুল ইসলাম এমপি, নবী নেওয়াজ এমপি, কামরুল লায়লা জলি এমপি, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির প্রমুখ। এখানে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
 
কাশিমপুরে মুহিতুল ইসলামকে দাফনকালে অন্যান্যের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ  হারুনুর রশীদ, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুভাষ চন্দ্র বোস উপস্থিত ছিলেন।
 
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, মহিতুল ইসলামের লাশ বৃহস্পতিবার রাত আড়াইটায় যশোরে পৌঁছায়। বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন ঢাকা থেকে লাশ নিয়ে আসেন। রাতে লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের হিমঘরে রাখা হয়।
 

ইত্তেফাক/এএম।