ইসলামাবাদে ৮ম সার্ক অর্থমন্ত্রীদের বৈঠক

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ২২:১৯
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান দক্ষিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সার্কভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করতে আহ্বান জানিয়ে বলেন, 'সার্ক ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এক্ষেত্রে তার ঐকান্তিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং একসাথে কাজ করবে।'
 
এম এ মান্নান শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ৮ম সার্ক অর্থমন্ত্রীদের এক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে বিবৃতি প্রদানকালে একথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন। পাকিস্তানের অর্থমন্ত্রী সিনেটর ইসহাক দার বৈঠকে সভাপতিত্ব করেন।
 
শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে একথা বলা হয়। এতে অর্থ প্রতিমন্ত্রী বলেন, 'সার্কের সদস্য দেশগুলো বৈশ্বিক আর্থিক মন্দা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে এবং ভাল জিডিপি অর্জন অব্যাহত রয়েছে। যেহেতু দক্ষিণ এশীয় অঞ্চলে এখনো আর্থিক ভঙ্গুরতা বিদ্যমান, তাই এ সমস্যা নিরসনে আমাদের সকলকে রাজস্ব বৃদ্ধি ও আরো বেশি অর্থ উপার্যনের উপায় সৃষ্টি করতে হবে।'
 
প্রতিমন্ত্রী সার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস (সাটিস) এর আওতায় 'সার্ক এগ্রিমেন্ট অন প্রমোশন এন্ড প্রোটেকশন অভ্ ইনভেস্টমেন্ট' এর খসড়া এবং 'সার্ক এগ্রিমেন্ট অন এভয়েড্যান্স অভ্ ডবল ট্যাক্সেসন এন্ড মিউচুয়াল এডমিনিস্ট্রেটিভ এসিসট্যান্স ইন ট্যাক্স ম্যাটার' এর খসড়া দ্রুত চূড়ান্তকরণের জন্য দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইউসুফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) তারেক আহমেদ, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) মো. নাজমুল হুদা, অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আবুল কালাম এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফওজিয়া রহমান। এর আগে অর্থ প্রতিমন্ত্রী ও বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদলের প্রধানগণ প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস