বিদ্যুৎ না পেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ পাবিপ্রবি

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৩:৩৬
বিদ্যুৎ না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাপম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকাল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয়।
 
তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।’ বিদ্যুৎ না থাকায় শুক্রবার রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
 
প্রক্টর আউয়াল বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১২টা থেকে ২টা পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ শুরু করে। 
 
তিনি বলেন, ‘এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভবনের জানালা ও গাড়ির কাচ ভাংচুর করে এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
 
এ বিষেয়ে পাবনা সদর থানার ওসি জানান, শিক্ষার্থীদের অবরোধের করণে পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশে যানবাহনগুলো আটকরা পড়ে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা লোডশেডিংয়ের জন্যে চরম দুর্ভোগ পোহালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সুরাহা করেনি। এজন্যই তারা রাস্তায় নামেন।
 
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর আউয়াল কবির বলেন, ‘লোডশেডিং নিয়ে ইতোমধ্যে আমরা কয়েকবার পাবনা পল্লী বিদুৎ সমিতির সঙ্গে  বৈঠক করেছি। তারা আমাদের আশ্বাসও দিয়েছেন।’