এবার বিস্ফোরিত গ্যালাক্সি নোট ৭

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১২:৩২
আইফোন বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন পর পরই অ্যাপলের এই জনপ্রিয় পণ্য বিস্ফোরিত হয়ে খবরের শিরোনাম হয়ে থাকে। তবে এবার আইফোন নয়, বিস্ফোরিত হয়েছে গ্যালাক্সি নোট ৭! চার্জিংয়ের সময় স্যামসাংয়ের এই লেটেস্ট স্মার্টফোন বিস্ফোরিত হয়ে ফেটে গেছে। ঘটনাটি ঘটেছে চীনে।
 
গ্যালাক্সি নোট ৭ এর ব্যবহারকারী চীনের সামাজিক যোগাযোগের ফোরাম বাইদু'তে বিস্ফোরিত ডিভাইসটির ছবি শেয়ার করলে ঘটনাটি চাউর হয়।
 
এখনো বিকাশমান বাজারে আসেনি ডিভাইসটি। আর এর মধ্যেই ঘটল বিস্ফোরণের এই ঘটনা।
 
পশ্চিমা বিশ্বে স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এর যে সংস্করণ পাওয়া যাচ্ছে তাতে রয়েছে ৪জিবি র্যা ম ও ৬৪ জিবি মেমরি। কিন্তু চীনা সংস্করণে রয়েছে ৬ জিবি র্যা ম ও ১২৮ এমবি মেমরি। চার্জিংয়ের সময় বিস্ফোরিত হয়ে ফেটেছে এই সংস্করণটিই। 
 
থার্ড-পার্টি চার্জার ব্যবহার করায় এই কাণ্ড ঘটেছে বলে জানা গেছে। 
 
IMG0
 
কিন্তু এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত, ফ্ল্যাগশিপ ফোনে থার্ড-পার্টি চার্জার ব্যবহার করলেইবা বিস্ফোরিত হবে কেন? কেন এমন নিরাপত্তা থাকবে না যাতে ভুল চার্জার ব্যবহার করলেও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে চার্জিং প্রক্রিয়া?
 
ফোন বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। হরহামেশাই ফোন বিস্ফোরণের ঘটনা ঘটে। অখ্যাত কোনো প্রতিষ্ঠানের সস্তার কোনো ফোন বিস্ফোরিত হলে হয়তো কারোই কিছু যায় আসে না। কিন্তু ফোনটি যদি হয় স্যামসাংয়ের সর্বশেষ ফোন গ্যালাক্সি নোট ৭ হয়, তবে তো তা ঘটনাই বৈকি!
 
IMG1
 
এর আগে গত মে মাসে গ্যালাক্সি এজ প্লাস বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যালাক্সি এস৩ এর চার্জার দিয়ে চার্জ দেয়ার সময় ওই ঘটনাটি ঘটে।
 
ইত্তেফাক/এএম