শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে তার মাথা থেঁতলে দিয়েছে ছাত্রলীগের আরেক দলের নেতা-কর্মীরা। শনিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম রাজিব সরকার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রলীগের নিজেদের অন্তর্কোন্দলের জেরে বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকারের অপর অতর্কিতে হামলা করা হয়েছে। রাজিব সরকার শাখা ছাত্রলীগের নেতা মুশফিকুর রহমান ভুইয়ার অনুসারী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুশফিকুর রহমান ভুইয়া বলেন, ‘পূর্ব বিরোধের জেরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী কর্মীরা এ হামলা করেছে। তাদের অনুসারী কর্মী সোহাগ, রিশাদ, সজীব, সুমন, আমিনুল, রনি, শোভন, সুজন বৈষ্ণবসহ বেশ কয়েকজন অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা ইট, জিইআই পাইপ ও দা দিয়ে এলোপাতাড়ি আঘাতে মাথা থেঁতলে দিয়েছে। এটা পূর্বপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।’
আরও পড়ুনঃ কুমিল্লায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীদের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু
