প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে তাকে আটক করা হয়। পরে এ কটূক্তির ঘটনায় তথ্য আইনে নগরীর মতিহার থানায় মামলা দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফেসবুকে দিলীপ রায় বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে তখন আপনি আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ অন্য একটি মন্তব্যে বলেন, ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না সে আওয়ামী লীগ তাতে তার লজ্জা হবে।’
এদিকে দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিল দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টেন্টে এসে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব সাত দিনের মধ্যে দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিল ও শাস্তির দাবি করেন।
পরে বিকেল ৩টার দিকে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বাদী হলে মতিহার থানায় মামলা দায়ের করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিল। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হলে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগের সভাপতি বাদী হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
