ট্রেনের ধাক্কায় রাবি শিক্ষার্থী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৯:৪৪
ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সান্ত্বনা বসাক (১৯) নিহত হয়েছেন।
 
রবিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় চারুকলা গেটের পাশে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী সান্ত্বনা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের কন্যা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে চারুকলা এলাকার রেললাইনের পাশ দিয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাটছিলেন সান্ত্বনা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সান্ত্বনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সান্ত্বনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়। পরে বিকাল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সান্ত্বনার মৃত্যু হয়।
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে মেয়েটি মারা যায়।
 
 
ইত্তেফাক/ইউবি