কানাডার এডমন্টনে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য সিটি মেয়রের কাছে স্মারকলিপি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২০:৪৭

কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে গত ৯ মার্চে যৌথভাবে উদযাপিত হলো একুশ ও স্বাধীনতা অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টন। সেজং মাল্টিকালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডন আইভিসন, আলবার্টা সরকারের শ্রম মন্ত্রী ক্রিস্টিনা গ্রে, এবং কানাডা সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অমরজিৎ সহি। 

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশিরা এডমন্টনে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি সিটি মেয়রের কাছে উত্থাপন করেন।  

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টন এবছর চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এই উপলক্ষে এবছর তাদের প্রতিটি আয়োজনে কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায়। সেই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানটিও ছিল বেশ জাকজমকপূর্ণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আয়োজকরা একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। প্রায় সাড়ে চারশত মানুষ এই আয়োজনে যোগ দেন ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। প্রায় মধ্য রাত ব্যাপী চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যার মূল বিষয় ছিল দেশাত্মবোধ। 

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টন এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের এই আয়োজনের মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়- সেটি হলো বাংলাদেশের অমর একুশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য ভালোবাসা আজ বিস্তৃত হয়েছে সব ভাষার জন্য ভালোবাসায়। 

আরও পড়ুন: সংসদ উপনেতা হলেন রওশন এরশাদ, বাদ পড়লেন জিএম কাদের

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে সব ভাষা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শনের এই বষয়টি স্পষ্ট হয়ে উঠে। 

ইত্তেফাক/কেকে