ইংরেজি দ্বিতীয়পত্র
উর্মিলা চক্রবর্তী
প্রভাষক
বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়, নওগাঁ
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এইচএসসি পরীক্ষার আর দেরি নেই। এখনই কিন্তু পড়াশোনা গুছিয়ে নেওয়ার সময়। ইংরেজি নিয়ে চিন্তিত অনেকেই। তবে ভালো করে বুঝে পড়লে ইংরেজিতে অনেক ভালো করা যায়। আজ আমি ইংরেজি দ্বিতীয়পত্রের প্রস্তুতি নিয়ে কথা বলবো। ইংরেজি দ্বিতীয়পত্রের দুইটি অংশ : পার্ট A তে Grammar-এ ৬০ নম্বর আর পার্ট B তে Writing-এ ৪০ নম্বর। ভালো ফলাফলের জন্য উভয় অংশের প্রতি সমান যত্ন নিতে হবে। তোমরা অনেকেই সারাবছর গ্রামারের রুলস মুখস্থ করো, কিন্তু পর্যাপ্ত অনুশীলন না করায় পরীক্ষার হলে রুলসগুলোকে যথার্থ ব্যবহার করতে পারো না। আবার কেবল গ্রামার নিয়ে চর্চা করতে গিয়ে তোমাদের মধ্যে অনেকেই রাইটিং বা কম্পোজিশন অংশের প্রস্তুতিতে অবহেলা করো। ফলে, অনেক নম্বরের পার্থক্য হয়ে যায়।
Grammar অংশের প্রস্তুতি প্রথমত শূন্যস্থানগুলোর জন্য সব থেকে বেশি যা দরকার সেটা হলো বেশি বেশি অনুশীলন। রুলস তখনই মুখস্থ হবে যখন তোমরা বিভিন্ন বছরের প্রশ্নে আসা শূন্যস্থানগুলো বেশি বেশি অনুশীলন করবে। নিজে নিজে মডেল টেস্টগুলো পরীক্ষা দিয়ে উত্তর মিলিয়ে নিজেকে যাচাই করলে দেখবে খুব সহজেই article, preposition, phrases, correct form of verbs, connectors, modifiers বিষয়গুলো আয়ত্তে আনতে পারবে। ৬ নম্বর প্রশ্নে Sentence পরিবর্তন করতে হয়। প্রতিটি বাক্যের পাশে ব্র্যাকেটে লেখা নির্দেশনা অনুযায়ী প্রদেয় বাক্যকে পরিবর্তন করতে হবে। এর জন্য active ও passive voice; simple, complex এবং compound sentence ; affirmative, negative, interrogative এবং exclamatory sentence ইত্যাদি বিষয়ে তোমাদের বইয়ে যে নিয়মগুলো আছে সেগুলো উদাহরণসহ খুব যত্ন করে পড়তে হবে। যেহেত ুবিচ্ছিন্নভাবে না এসে প্রশ্নটি passage আকারে আসে তাই বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে আইডিয়া ডেভেলপ সহজ হবে। একইভাবে ৭ নং প্রশ্নে থাকে passage narration। এটি দেখতে অনেক কঠিন মনে হলেও ছোট ছোট clause আকারে অর্থ বুঝে পরিবর্তন করলে সহজ হবে। একটি বিষয়ে তোমাদের অনেকেরই ভীতি কাজ করে সেটি হলো pronoun referencing। তবে একটু মনোযোগ দিয়ে বুঝলেব্যাপারটাকিন্তু অনেকসহজ। প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা ভালো করে পড়ে অর্থ বুঝে নিতে হবে। তারপর ব্যবহূত pronoun গুলোর নিচে দাগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে তারা কে কোন noun কে নির্দেশ করছে। এরপর অস্পষ্ট pronoun গুলোকে ঐ noun গুলো দিয়ে replace করতে হবে শুধু। এরকম ৫/৬টি প্যাসেজ অনুশীলন করলেই বিষয়টি তোমরা ভালো বুঝতে পারবে।
Synonym, antonym এর জন্য মুখস্থ করার কোনো বিকল্প নেই। তবে বেশকিছু শব্দ prefix এবং suffix সংযোজন বা বিয়োজন করে সহজেই পরিবর্তন করা যায়। যেমন : happy- unhappy, dishonest- honest, unkind- kind ইত্যাদি। সরাসরি Synonym, antonym মনে না পড়লে বা জানা না থাকলে কাছাকাছি অর্থ বোঝায় এমন শব্দ লিখলে নম্বর পাবে। তবে অনেক সময় তোমরা synonym চাইলে antonym আর antonym চাইলে synonym লিখে ফেল। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
Writing অংশে ভালো ফলাফলের জন্য এই অংশের খুব ভালো প্রস্তুতি অনেক দরকার। এ অংশে রয়েছে application, email, report, paragraph এবং short composition যাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট structure বা format এবং ভাষাশৈলী আছে তারা অনেক ভালো করবে। লেখার সময় সঠিক format অনুসরণ করতে হবে। যেমন : application অবশ্যই fully blocked পদ্ধতিতে বামদিকে মার্জিন পরিমাণ অংশ ছেড়ে লিখতে হবে।
শুধু body ঠিক হলেই কিন্তু চলবে না। মূলত দেখা হয় তোমরা structure ঠিক রেখে লিখতে পারছো কিনা। তারিখ ‘দিন-মাস-সাল’ অথবা ‘মাস-দিন-সাল’ এভাবে লিখতে হবে। মাসের নাম বানান করে লেখা ভালো। তারিখের পর To লেখার প্রচলন এখন আর নেই। subject লেখার সময় অবশ্যই প্রশ্ন বুঝে প্রশ্নে ঠিক যা চাওয়া হয়েছে সেটাই লিখতে হবে। যেমন প্রশ্নে হয়তো commonroom facilities এর কথা বলা হয়েছে, সেখানে কেউ যদি Subject এ Application for common room লেখে তাহলে সম্পূর্ণ application টিই ভুল হিসেবে ধরা হবে। তাই খুব ভালো করে প্রশ্ন বুঝে তারপর বিষয় নির্ধারণ করতে হবে।
কিছু বিষয় আছে যেগুলো ঘুরে ফিরে paragraph, report এবং composition এ চলে আসে। যেমন : Female Education, Gender Discrimination, Use of Facebook/Mobile/ Internet/Computer, Globalization, The victory Day, International Mother Language Day, Street Accident, Dowry System, Garment industries in Bangladesh, Drug Addiction, Climate Change/ Global Warming, Price Hike ইত্যাদি। একটু ভালো করে এই বিষয়গুলোর প্রস্তুতি নেওয়া থাকলে যেভাবেই প্রশ্ন হোক না কেন তোমরা লিখতে পারবে।
