'জঙ্গিদের ধ্বংস ও তাদের দোসরদের বর্জন করতে হবে'

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২২:৩৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'জঙ্গিমুক্ত সমাজ গড়তে দুই কৌশল নিতে হবে, জঙ্গিদের ধ্বংস করা এবং তাদের দোসরদের একঘরে করে বর্জন করা।'
 
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দৈনিক পত্রিকা দ্য এশিয়ান এইজ আয়োজিত 'শান্তির জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' বিষয়ে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
 
জঙ্গি লেবেল এঁটে কোনো নিরপরাধী হত্যা হচ্ছে না। যারা জঙ্গিদের নিরপরাধ বলে চালানোর চেষ্টা করছে, তারাই জঙ্গিদের দোসর উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আর জঙ্গি দোসররা গণতন্ত্রের লেবেল এঁটে নিজেদের রাজনীতির মাঠে হালাল করতে চায়। সে কারণে জঙ্গি পুনঃ-উৎপাদন বন্ধ করা ও স্থায়ী শান্তির জন্য জঙ্গি ও তাদের দোসর উভয়কেই নির্মূল করতে হবে।'
 
জঙ্গি দোসরদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, 'জঙ্গিদের নিরপরাধ বলে রাজনীতির মাঠে চালানোর চেষ্টা ছাড়ুন। আজ পর্যন্ত যারা ধরা পড়েছে বা নিহত হয়েছে, কেউই নিরপরাধ বলে দাবি করেনি, তাদের পরিবার বা গণমাধ্যমও তেমন দাবি করেনি।'
 
মেজর জেনারেল (অব.) শামীম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফ, সংসদ সদস্য বি এম মোজাম্মেল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভিসি কলিম উল্লাহ।
 
এ ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুর সেলিম, অধ্যাপক আতাউর রহমান, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, নিম চন্দ্র ভৌমিক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক নজরুল ইসলাম, বাংলাদেশ অবজারভারের সহযোগী সম্পাদক বদরুল আহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আলোচনায় অংশ নেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস