তোর কী

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:২২

স. ম. শামসুল আলম

 

কী খাব আর কী খাব না

কী পাব আর কী পাব না

তোর কী তাতে তোর কী?

ইচ্ছে হলে আগুন খাব

বর্ষা খাব ফাগুন খাব

কয়লা খাব না হয় খাব গ্যাস

খেতেও পারি ইউরো-ডলার ক্যাশ

উঠবে তাতে শোর কি?

তোর কী তাতে তোর কী?

 

এখন আমি রাঘববোয়াল

দ্যাখ ফুলেছে চোপা-চোয়াল

চুনোপুঁটি সব ভেগেছে

বলিস তবু লোক জেগেছে

জাগলে জাগুক পিছেও লাগুক

তোর কী তাতে তোর কী?

আমি কি তোর খাই না পরি

আমার সাথেও জড়াজড়ি

এমন ধরা ধরব যেদিন

কাটবে সেদিন ঘোর কি?

তোর কী তাতে তোর কী?

 

রাজনীতি নয় নাইবা করি ওটা এখন গুড়-নীতি

আমার কাছে প্রিয় যেটা তোর কাছে তা দুর্নীতি

নদীর মাঝে দেয়াল তুলে নিয়েছিলাম ভাগ করে

সেই দেয়ালও কারা এসে দিচ্ছে ভেঙে রাগ করে

দিক ভেঙে দিক হোক না ক্ষতি 

তোর কী তাতে তোর কী?

সব হারালেও আমার একটা ব্যক্তিগত জাত আছে

এইখানে হোক ঐখানে হোক অন্ধকারেও হাত আছে

তোর মতো নই কেষ্ট-সাধু—গোপনে আঁতাত আছে

পড়লে ধরা বুঝবে তারা

পাবই পাব আবার ছাড়া

কাটবে নতুন গোর কি?

তোর কী তাতে তোর কী?