সাঘাটায় ব্যাটারি পোড়ানো বিষাক্ত ধোঁয়ায় সাতটি গরুর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫২
সাঘাটার ঘুড়িদহ ও কামালেরপাড়া ইউনিয়নে বিভিন্ন কারখানায় পুরাতন ব্যাটারি পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় সাতটি গরুর মৃত্যু হয়েছে এবং শতাধিক গবাদি পশু-পাখি অসুস্থ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন বাউলিয়া গ্রামের কারখানা উচ্ছেদ করলেও কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কারখানাটি এখনো চালু রয়েছে। কারখানার পার্শ্ববর্তী এলাকার গবাদি পশু-পাখি ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
 
উপজেলার কামালেরপাড়া আব্দুর রাজ্জাক ও ঘুড়িদহ ইউনিয়নের বাউলিয়া গ্রামের আব্দুল হালিম পৃথক স্থানে পুরাতন অ্যাসিড ও পাউডার ব্যাটারি পোড়ানো কারখানা স্থাপন করেছে। বিভিন্ন স্থান থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে কারখানা পুড়িয়ে ব্যাটারির সীসা বের করে। কারখানার মালিকরা পরে তা বিভিন্ন কারখানায় বিক্রি করে থাকে। জনবসতি এলাকায় অবৈধভাবে কারখানা স্থাপন করে ব্যাটারি পোড়ানোর কারণে কারখানার ধোঁয়ায় এলাকার বায়ু দূষিত হয়ে নির্গত বিষ গাছপালা, ফসল ও গো-খাদ্যের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিষাক্ত খাবার খেয়ে বাউলিয়া গ্রামের আজিম উদ্দিনের দুইটি, সহিদুলের একটি, সালজার রহমানের একটি, জোবেদ আলীর একটি, গড়গড়িয়া গ্রামের ওসমান মাস্টারের দুইটি গরু মারা গেছে। বিষাক্ত খাদ্য খেয়ে কামালেরপাড়া, গজারিয়া, কিংকরপুর, জালালতাইড়, গড়গড়িয়া, বাউলিয়া, মথরপাড়া, পচাবস্তা, পাচিয়ারপুর, কচুয়া, যাদুরতাইড়সহ বিভিন্ন গ্রামে শতাধিক গরু-ছাগল ও পশু-পাখি অসুস্থ হয়ে পড়েছে।
 
এ ছাড়া এলাকার বিভিন্ন বয়সের লোকজনের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
 
 

ইত্তেফাক/এএন