কলেজ গ্রন্থাগারিকদের চাকরির বয়সসীমা ৬৫ করা হোক

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:৪৩

আমি টাঙ্গাইলের একটি কলেজের গ্রন্থাগারিক। ১৯৯৯ সালে এ কলেজে যোগদান করি। কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত। অর্থাত্ প্রায় ৩২ বছর পর কলেজটি গ্রন্থাগারিক পায়। এর আগে বারবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কোনো প্রার্থী মেলেনি। কারণ দেশে গ্রন্থাগারবিজ্ঞানে মাস্টার ডিগ্রিধারী কমই আছে। আর এজন্যই দেশের অনেক কলেজে গ্রন্থাগারিকের পদ শূন্য। পার্শ্ববর্তী নাগরপুর সরকারি কলেজ, সাটুরিয়ায় দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার প্রায় দুই যুগ পার হলেও একজন গ্রন্থাগারিক নিয়োগ দিতে পারেনি। জানা গেছে, এসব কলেজে শিক্ষকরা গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন। এরকম সারা দেশের চিত্রও প্রায় একই। তাই আমার প্রস্তাব, দেশের সরকারি-বেসরকারি সব কলেজে গ্রন্থাগারিকের শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করে যেহেতু দেশে গ্রন্থাগারবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারীর সংখ্যা অপ্রতুল সেহেতু গ্রন্থাগারিকদের চাকরি করার বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছরে উন্নীত করা হোক। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ডি এম সিরাজুল ইসলাম সিদ্দিকী

গ্রন্থাগারিক,

বি সি আর জি  ডিগ্রি কলেজ,

পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল