মনপুরায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫১
ভোলার মনপুরা উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।  জেলেরা পুরোদমে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। মাছ বিক্রির টাকায় সংসারের অভাব অনটনের বোঝা হালকা হতে শুরু করায় মনপুরার জেলে পল্লিতে বইছে খুশির বন্যা। আড়তদারদের মাঝেও দেখা গেছে খুশির আমেজ।
 
মনপুরায় প্রায় ২০ সহস্রাধিক জেলের বসবাস হলেও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১০ হাজার ৫৬৬ জন জেলে নিবন্ধিত হয়েছে । লক্ষাধিক লোকের এই আবাসভূমিতে শতকরা প্রায় ৭০ জন লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এবারের মৎস্য মৌসুমের শুরুতে জেলেদের জালে ইলিশের তেমন একটা দেখা মেলেনি। ঈদের আগ মুহূর্তে জেলেদের জালে এতো ইলিশ ধরা দিচ্ছে যে তাদের মুখের কালো আভা দূর হয়ে রঙ্গিন হাসির ঝিলিক ফুটেছে। IMG0
 
সরজমিনে দেখা গেছে, জেলে ও আড়তদার সকলের মুখে যেন হাসির ঝিলিক। প্রতিটি ট্রলার বা নৌকা থেকে গড়ে বড় সাইজের ইলিশ চার/পাঁচ হালি ও ছোট সাইজের ১৫/২০ হালি ইলিশ আড়তদারদের গধিঘরে  যাচ্ছে। বড় সাইজের প্রতি হালি গড়ে দুই হাজার টাকা ও ছোট সাইজের প্রতি হালি চার শ টাকা করে বিক্রি হচ্ছে। গড়ে প্রতি ট্রলারের জেলেরা দৈনিক ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকার ইলিশ বিক্রি করছেন।
 
আড়ততদার নিজামউদ্দিন হাওলাদার ও মোশারফ হোসেন বলেন, ‘অভিযানের আগ পর্যন্ত এভাবে ইলিশ পাওয়া গেলে জেলেরা ভালো একটা টাকা পাবেন। অনেকেই দায়দেনা পরিশোধ করতে পারবেন।’
 
ইত্তেফাক/এএসএমইউ