হাজারো কণ্ঠে জঙ্গি বিরোধী স্লোগানে প্রকম্পিত ইবি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩২
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হাজারো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী জঙ্গিবিরোধী কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন ও শিক্ষামন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের কণ্ঠে জঙ্গি বিরোধী স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর এলাকা প্রকম্পিত হয়।
 
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে এক র‌্যালি বের হওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থী ও শতশত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সড়ক ইবি পরিবারের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়। পরে র‌্যালিটি কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে জায়গা না থাকায় মিলনায়তনের বাইরে অংশ নেয় বিভাগের হাজার হাজার শিক্ষার্থী। এসময় জঙ্গি বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। IMG0
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, অনুষদীয় ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
মিলনায়তনে বক্তারা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় র‌্যালি আর কোন সময় দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর জমিই আজ র‌্যালিতে পরিণত হয়েছে। দেশবৈরী কিছু জঙ্গিরা দেশের উন্নতির এ ধারাকে কোনভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।’ 
 
 
 
ইত্তেফাক/এমআই