স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে ১৮১ রানের লক্ষ্য পায় সফরকারী শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ৬২ রানেই ছয় উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এখানেই শ্রীলঙ্কার হার নিশ্চিত হয়ে যায়। কিন্তু কঠিন পরিস্থিতিতে আট নম্বরে ব্যাট হাতে নেমে শ্রীলঙ্কার হার এড়ানোর পণ করেন বাঁ-হাতি পেসার ইসুরু উদানা। কিন্তু সঙ্গীর অভাবে পারেননি তিনি। ৪৮ বলে উদানার অপরাজিত ৮৪ রানের পরও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে হারলো শ্রীলঙ্কা।
ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। এখন ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আজ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এর আগে প্রথম টি-টোয়েন্টি সুপার ওভারে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুতে দলকে বড় স্কোর এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার আইডেন মার্করাম ও রেজা হেনড্রিক্স। মাত্র নয় রানের জুটি গড়েন তারা। মার্করাম ব্যক্তিগত ৩ রানে ফিরলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই জুটি বাঁধেন হেনড্রিক্স ও ভ্যান ডার ডুসেন। শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন তারা। ওভার প্রতি ৮ রানের উপর রান তুলতে থাকেন তারা। ফলে দলীয় স্কোর বড় হতে থাকে। এর মধ্যে হাফ-সেঞ্চুরি তুলে নেন দুজনই। তবে দলীয় ১২৫ রানে হেনড্রিক্স ও ১৩৮ রানে ডুসেন বিদায় নেন।
হেনড্রিক্স ৯টি চারে ৪৬ বলে ৬৫ ও ডুসেন চারটি চার ও তিনটি ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করেন। দ্বিতীয় উইকেটে ৭৭ বলে ১১৬ রান করেন তারা।
দলকে বড় স্কোরের ভিত গড়ে দেওয়া হেনড্রিক্স ও ডুসেনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে ১৮০ রানের সংগ্রহ এনে দেন অধিনায়ক জেপি ডুমিনি। দুটি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন তিনি। ৯ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
জবাবে ১৮১ রানের বড় লক্ষ্যে ব্যর্থতা প্রদর্শনে মেতে উঠেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ৬২ রানে দলের স্বীকৃত ব্যাটসম্যানরা থেমে যান। এই অবস্থায় ম্যাচ নিয়ে ভালো কিছু ভাবার চিন্তা বাদ দেয় শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে ছিলেন উদানা। কিন্তু সঙ্গীর অভাবে ও বল ফুরিয়ে যাওয়ায় দলকে সাফল্য এনে দিতে পারেননি উদানা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দলকে এনে দেন উদানা। তিনি নিজে করেন ৪৮ বলে অনবদ্য ৮৪ রান। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। তার ইনিংসে আটটি চার ও ছয়টি ছক্কা ছিল। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ৩২ রানে ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৮০/৩, ২০ ওভার (হেনড্রিক্স ৬৫, ডুসেন ৬৪, মালিঙ্গা ১/২৬)
শ্রীলঙ্কা: ১৬৪/৯, ২০ ওভার (উদানা ৮৪*, থিসারা পেরেরা ২২, মরিস ৩/৩২)।
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।
সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
