কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৭
কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা আরোহী নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ভেড়ামারা বারোমাইল নামক স্থানে কোল্ড স্টোরেজের সামনে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।  
 
নিহতরা হলেন, আব্দুল জলিল (৬০) ও শওকত ব্যাপারী (৫০)।  নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ, ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে  একটি মাল বোঝাই ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী আব্দুল জলিল ঘটনাস্থলে এবং গুরুতর আহত শওকত ব্যাপারীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
আহতরা হলেন- গোলজার বেগম (৪৫), খলিলুর রহমান (৫৫), রাজিয়া খাতুন (৫০) ও অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৩৫)। ঘতক ট্রাক এবং ড্রাইভার-হেলপারকে পুলিশ আটক করতে পারেনি।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজশাহীর বাঘা থেকে সিএনজি অটোরিকশাযোগে একটি পরিবার কুষ্টিয়ার খাজানগরের নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে দুর্ঘটনায় হতাহাতের ঘটনা ঘটে। এব্যাপারে ভেড়ামারা থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।