প্রত্যাবর্তনে ‘ফ্লপ’ দু’জনই

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:৫৮

পর্তুগাল ড্র করলেও আর্জেন্টিনার হার

 স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ শেষে নিজ নিজ জাতীয় দলে ফিরলেও তা সুখকর ছিল না। প্রায় সাড়ে আট মাসের ‘সাময়িক অবসর’ শেষে গত শুক্রবার রাতে তারা আবারো দেশের হয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু বিশ্বের সেরা এই ফুটবলাররা কেউই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। রোনালদোর পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করে। কিন্তু মেসির আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতিম্যাচে ভেনিজুয়েলার কাছে ৩-১ ব্যবধানে হেরেই যায়।

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে শেষবারের স্মৃতিটাও সুখকর ছিল না আর্জেন্টিনার। স্বাগতিক স্পেনের কাছে গেল বছর মার্চে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল সেসময়কার কোচ হোর্হে সাম্পাওলির অধীনে খেলা মেসিবিহীন আর্জেন্টিনা। তবে এবার দৃশ্যপট বেশ ভিন্নই ছিল।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে তারুণ্য নির্ভর আর্জেন্টিনা দারুণ ফুটবল উপহার দিচ্ছিল। বিপক্ষ ভেনিজুয়েলার প্রতি আক্রমণে ভীতিজাগানিয়া হলেও ধারে ভারে স্পেনের মতো ছিল না। তার ওপর আবার মেসির প্রত্যাবর্তন। সব মিলিয়ে অনুপ্রাণিত হবার অনেক কারণই ছিল আর্জেন্টিনার। কিন্তু স্ক্যালোনির দল সে অনুপ্রেরণা কাজে লাগাতে পারলো কই?

মেসি জাতীয় দলে ফেরার ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখালেও তা ভেনিজুয়েলার বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় হারটি এড়াতে যথেষ্ট ছিল না। স্ক্যালোনি এরপরও ম্যাচটিকে দেখেছেন একটা শিক্ষা হিসেবেই। তিনি বলেন,‘এ হারটি থেকে আমরা অনেক কিছুই শিখেছি। এটা আমাদেরকে দেখিয়েছে মেসির মতো খেলোয়াড়ের পাশে অন্য খেলোয়াড়রা কেমন নৈপুণ্য দেখায়।’

তবে প্রথমার্ধের ভুলগুলো কিছুটা দুশ্চিন্তায়ই রেখেছে স্ক্যালোনিকে। তিনি বলেন,‘দ্বিতীয়ার্ধ আমাদের অনেক ইতিবাচক দিক রেখে গেলেও প্রথমার্ধের ভুলগুলো আমাদের চিন্তায়ই ফেলে দিয়েছে। তবে ভালো ব্যাপারটা হচ্ছে এসব ভুল এখনই হয়ে গেছে।’

অধিনায়ক মেসি ম্যাচের শেষদিকে কুঁচকিতে চোট পাওয়ায় আর্জেন্টিনার পরবর্তী প্রীতিম্যাচে থাকছেন না।  ফরওয়ার্ড গনজালো পিতি মার্টিনেজ হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ম্যাচ শেষ করায় মরক্কোর বিপক্ষে তাকেও পাচ্ছেন না কোচ স্ক্যালোনি।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আন্তর্জাতিক ফুটবলে মেসি রোনালদোর ভাগ্য চলছে কাঁধে কাঁধ মিলিয়ে। আর্জেন্টিনার ছিটকে যাওয়ার দিনেই উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেদিন মেসির মতো রোনালদোও জাতীয় দল থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নেন। স্বেচ্ছা নির্বাসন শেষে একই দিনে যখন ফিরলেন, মেসির মতো রোনালদোরও সঙ্গী হলো হতাশাই। নিজেদের মাঠে ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ইউক্রেনের বিপক্ষে ড্রয়ের পরও মনোযোগটা দলের উপরই ধরে রাখতে চাইলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। তিনি বলেন,‘এখানে পর্তুগালই বেশি গুরুত্বপূর্ণ এবং পর্তুগাল জেতেনি। খেলোয়াড়রা মোটেও সন্তুষ্ট নয়। তারা যেহেতু বড় ক্লাবে খেলে সেহেতু তাদের বড় অভিজ্ঞতা আছে এবং তারা সন্তুষ্ট নয়, যা একেবারেই স্বাভাবিক।’

সোমবার সার্বিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। আপাতত সে ম্যাচকেই পাখির চোখ করছেন পর্তুগাল কোচ। তিনি বলেন,‘এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। দলগত নৈপুণ্যে মনোযোগ দিতে হবে। ক্রিশ্চিয়ানো খেলবে কি খেলবে না সে চিন্তা করা চলবে না।’