দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ করুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেশ বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করার আহবান জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার ভুলের রাজনীতির খেসারত এখন তার দল ও দলের নেতা-কর্মীরা দিচ্ছেন। গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরে পাঁচ তলা বিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রামপাল বিদ্যুত্ কেন্দ্র নির্মিত হবেই। দেশের ক্রমাগত বিদ্যুতের চাহিদা ও সংকট পূরণের জন্যই রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি। এ বিদ্যুত্ কেন্দ্র নিয়ে বিএনপি’র আন্দোলন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে   চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুত্ দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেই খলেদা জিয়ার দল এখন রামপালে বিদ্যুত্ কেন্দ্র নিয়ে আন্দোলন করতে চায়।
 
সন্ত্রাস ও জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশের সার্বিক উন্নয়নে প্রশংসা করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জন কেরি মন্তব্য করেছেন। যেখানে আমেরিকা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে মন্তব্য করেছিল।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সমাবেশ জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।
 
এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোস্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি কাজীপুরে নির্মাণাধীন স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির (আইএইচটি) নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
 
 

ইত্তেফাক/এএন