স্পোর্টস রিপোর্টার
আগামী বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান। ওপেন বিভাগে ফাহাদ চ্যাম্পিয়ন হয়েছেন এবং আন্তর্জাতিক মাস্টারের খেতাবও অর্জন করেছেন তিনি। ৯ খেলায় ৭ পয়েন্ট করে টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন হন ফাহাদ। রানারআপ হয়েছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। ফাহাদ এ বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ দাবায় খেলবেন। ফাহাদের অনেক স্বপ্ন ছিল বিশ্বকাপ দাবায় খেলবেন। ঢাকায় অনুষ্ঠিত বিশ্বকাপ দাবার বাছাইয়ে ফাহাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে কাল। দাবা অঙ্গনে ফাহাদকে নিয়ে সবাই খুশি। ছোট্ট ওই ছেলেটিকে নিয়ে দেশের গ্র্যান্ডমাস্টার আন্তর্জাতিক মাস্টার, নারী পুরুষ দাবাড়ুরা অভিনন্দনে ভাসিয়েছেন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার এবং দুই আন্তর্জাতিক মাস্টারকে ছাপিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ফাহাদ। দাবার কোচ কর্মকর্তারা ফাহাদের এ সাফল্যকে বাহবা জানিয়েছেন। মহিলাদের বিশ্বকাপে খেলবে শারমিন সুলতানা শিরিন। তবে মহিলা বিশ্বকাপকে বলা হয় ‘বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ’। আঞ্চলিক এই বাছাইয়ে চ্যাম্পিয়ন হন শিরিন এবং একই সঙ্গে মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছেন তিনি। শিরিন ২০২০ অনুষ্ঠিতব্য মহিলা চ্যাম্পিয়নশিপে খেলবেন।
