মুক্তাগাছায় নৌকা সমর্থকদের প্রতিবাদ মিছিল, আনারসের সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৩

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর সমর্থকের দোকান ভাঙচুরের অভিযোগে প্রতিবাদ হয়েছে। শনিবার রাতে মুক্তাগাছা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও বড়হিস্যা বাজার মেইনরোডে প্রতিবাদ সভা করেছে নেতা-কর্মীরা। প্রতিবাদ সভায় বলা হয়- শহরের আটানিবাজার ছোট মসজিদের সামনে প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থীর কর্মীদের হামলায় শহর আওয়ামী লীগ সদস্য ও সাবেক কমিশনার আব্দুস ছামাদের দোকান ভাঙচুর করা হয়েছে। কর্মসূচিতে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মনি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে এদিন দুপুরে স্বতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ প্রতিপক্ষ বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। স্থানীয় প্রেসক্লাবের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন- প্রতিপক্ষ তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে, কর্মীদের বাড়ি-ঘরে হামলা, তাদেরকে হুমকি, ভোটকেন্দ্রে না যেতে ভয়-ভীতি প্রদর্শন করেছেন এবং কেন্দ্র দখল করে সিল মারা হবে বলে ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক তিনজন কমান্ডার অ্যাডভোকেট ইদ্রিস আলী, আবুল কাশেম, জিন্নত আলী জিন্নাহ, তারাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।