যশোরের একটি প্রাইভেট হাসপাতালে এসি স্থাপনের সময় ছয়তলা থেকে নিচে পড়ে সোহেল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ জেল রোডের কুইন্স হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় আসাদ (৩০) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন । সোহেল শহরের শংকরপুর সরকারি মুরগি খামার এলাকার মোক্তার আলীর ছেলে।
কুইন্স হাসপাতালের ম্যানেজার মিঠু সাহা জানান, এলজি কোম্পানির লোকজন ছয়তলায় এসি স্থাপনের কাজ করছিলেন। সরঞ্জাম সরিয়ে নেয়ার সময় অসাবধানতায় দুজন নিচে পড়ে যান। এ সময় তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী সোহেলকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশংকাজনক। তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার কুইন্স হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ছাদে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত এবং একজন আহত হওয়ার সংবাদ শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
