পরিবহন সংকটে শিক্ষার্থীরা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পরিবহন সংকটে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বর্তমানে সাত হাজারেরও অধিক। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হল না থাকায় এসব শিক্ষার্থীদের বেশির ভাগই অবস্থান করেন ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায়। ফলে ময়মনসিংহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব ২৫ কি.মি হওয়ায় প্রতিদিন বাসে করে এসব শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া-আসা করতে হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাস রয়েছে মাত্র ১০টি। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর বাকি ছয়টি ভাড়ায়। যা বর্তমান শিক্ষার্থীদের তুলনায় একেবারেই কম।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক অনিক বলেন, পরিবহন সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আন্দোলনের মুখে উপাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সুফল ভোগ করতে পারছি না। প্রতিবছর শিক্ষার্থী বাড়ছে অথচ বাস বাড়েনি।

বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক রাশেদ সুখন জানান, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাস বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি দ্রুত শিক্ষার্থীদের পরিবহন সমস্যার সমাধান হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান জানান, আগামী মাসে নতুন একটি বাস কেনা হবে। তাছাড়া আগামী দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আরো দুটি বাস পাবো।