রামগড়ে বিজিবি’র হাতে আটক ৮ ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৫

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হাতে আটক মাধ্যমিক স্কুলের ছয়জন ছাত্রীসহ আটজন ভারতীয় নাগরিককে শনিবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রামগড়ে বিজিবি’র হাতে আটক হয় তারা। জেলার গুইমারায় অনুষ্ঠিত মারমা উপজাতীদের একটি মেলায় অংশ নিতে তারা বাংলাদেশে এসেছিল বলে জানায়।

আটককৃতরা হচ্ছে, সামাপ্রু মগ (১৫), পিতা মংলা মগ, পূর্ব চরকবাই, শান্তিবাজার, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। সে শান্তিবাজার বাইখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী, মনি মগ (১৪), পিতা সুধা অং মগ, কমগপাড়া, শান্তিবাজার, বিলোনিয়া। সে নবম শ্রেণির ছাত্রী, কণিকা মগ (১৫), পিতা অংগচাপ্রু মগ, বৈষ্ণবপুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আইথুই অং মগ (১৫), পিতা উমা চাই মগ, আইখ্য মগ পাড়া, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী তার ছোট বোন  উসা অং মগ(১৪)। সে বৈষ্ণবপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। চিংবাই মগ (১৩), লেদা মগ, বৈষ্ণবপুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের অস্টম শ্রেণির ছাত্রী। রাহুল মগ (২০), পিতা ক্যখই মগ, উত্তর ইছাছড়া, শিলাছড়ি, অমরপুর মহকুমা ও আক্রই মগিনী(২০), পিতা নিচাপ্রু মগ, জল কোম্বা, বৈষ্ণবপুর, সাব্রুম।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বিজিবি’র রামগড় বিওপি’র চেকপোস্টে একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করে এদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ১৯ মার্চ খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত চাইন্দামুনি মেলায় অংশ নিতে রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মেলা শেষে গুইমারায় তাদের এক আত্মীয়র বাড়িতে তিনদিন বেরিয়ে শুক্রবার তারা ভারতে ফিরে যেতে অটোরিক্সায় করে রামগড়ের লাচারীপাড়া সীমান্ত এলাকায় যাচ্ছিল। পথে চেকপোস্টে তারা বিজিবি’র হাতে আটক হয়।

রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকালে পতাকা বৈঠকে আটককৃতদের ফেরত নিতে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা রাজি হয়নি। পরবর্তীতে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর শনিবার তারা এদের ফিরিয়ে নিতে সম্মত হয়।