বাঘা (রাজশাহী) সংবাদদাতা
শনিবার ভোররাতে বাঘায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হয়েছে পাবনার সুজানগরের শীর্ষ মাদক ব্যবসায়ী টুটুল বিশ্বাস। এ সময় অপর চোরাকারবারি চাঁদ আলী পালিয়ে যায় বলে নিশ্চিত করে পুলিশ।
ওইদিন বাঘা সীমান্ত এলাকার জোতনশী স্কুল মাঠে ফেনসিডিল ও ইয়াবা নেওয়ার অপেক্ষায় একটি সিএনজিসহ দাঁড়িয়ে ছিল টুটুল বিশ্বাস ও চাঁদ আলী। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এসআই মানিক এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক মাসুদ ও বিপেন সেখানে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঘা থানার ওসি মহাসীন আলী জানান, গ্রেপ্তার টুটুল বিশ্বাসের নামে সুজানগর এবং সাঁথিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
