যশোর অফিস
যশোরের মনিরামপুরে অর্থ সংক্রান্ত বিরোধে শুক্রবার ছেলের হাতে খুন হয়েছেন বাবা তাজুল ইসলাম পাটোয়ারী। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী, দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আনোয়ার নিখোঁজ রয়েছেন। এলাকাবাসী জানান, তাজুল ইসলামের দুই ছেলে আনোয়ার হোসেন এবং হুমায়ুন কবীর বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করতেন। সম্প্রতি দুই ছেলে বাড়িতে এসে বাবার কাছে দেশে পাঠানো টাকার হিসাব চাইলে তিনি দিতে পারেননি। এ নিয়ে বাবার সঙ্গে দুই ভাইয়ের ভুল বোঝাবুঝি হয়। গতমাসে ছোট ছেলে হুমায়ুন কবীর মালয়েশিয়া ফিরে যান। বড় ছেলে আনোয়ার বাড়িতে থাকেন। নিহতের ভাই প্রত্যক্ষদর্শী মাজু মিয়া জানান, শুক্রবার ওই টাকার হিসাব নিয়ে তাজুল এবং ছেলে আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার লোহার শাবল দিয়ে তার বাবার ঘাড়ে এবং পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) সহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম, ছোটভাই মাজু মিয়া, বড় পুত্রবধূ মুন্নি খাতুন, ছোট পুত্রবধূ রেহেনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
