কিশোরগঞ্জে কৃষকের জমি দখল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারীপাড়া গ্রামে গোলজার রহমান নামে এক কৃষকের জমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। ভুমিদস্যুরা গোলজার ও তার পরিবারকে এ ব্যাপারে কোনো অভিযোগ না দিতে দিনের পর দিন বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।
 
গোলজার রহমান জানান, ওই গ্রামে একটি পুকুরসহ ২১ শতাংশ জমি ৩৫ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। এই জমি উদ্ধারে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না।
 
ভুক্তভোগীর লিখিত অভিযোগ, গোলজার রহমানের নামে রেকর্ডভুক্ত সম্পতি যার দাগ নম্বর ২৭৩, খতিয়ান নম্বর ৬৬৩৫, মৌজা পানিয়াল পুকুর, জে এল নম্বর ১৪। কিন্তু ভূমিদস্যু দলের হোতা একই গ্রামের আসিদুল ইসলাম সম্প্রতি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তফশিল বর্ণিত ওই সম্পত্তি দখল করে। এতে বাঁধা দিতে গেলে তার ছেলের বউকে বেধড়ক মারপিট করা হয়। এতে চার মাসের অন্তঃসত্ত্বা তার ছেলের বউয়ের গর্ভপাত ঘটে যায়।
 
তার অভিযোগ, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়ে কোনো ফল পাচ্ছেননা।
 
দখলদার আশিদুল ইসলাম বলেন, ওয়ারিশ সূত্রে আমরা ওই জমি দখল করেছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ