রাজধানীর নয়াপল্টন এলাকায় কথিত ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিমের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেল পৌনে তিনটায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাসিমের অনুসারীরা জোনাকি সিনেমা হল পার হয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। এ সময় নাসিমের কর্মীরা গণধোলাইয়ের মুখে পড়েন। পরে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত দু'জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চতুর্থ মহড়ার অংশ হিসেবে নাসিমের অনুসারীরা পলওয়েল মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের অভিমুখে রওনা করেন। এর আগেও তিনবার নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে আসলে হামলার মুখে পড়েন কথিত বিএনপির অনুসারীরা। পরে জোনাকি সিনেমা হল অতিক্রম করে নয়াপল্টনের দিকে আসতে চাইলে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেন। এ ঘটনায় ওই সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ‘আসল বিএনপি’ কর্মীদের মিছিলের সংবাদ শুনে দুপুর থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ‘আসল বিএনপি’র এক কর্মী জানান, তাকে মিছিল করার জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে।
এর আগেও তিনবার নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে গিয়ে হামলার মুখে পড়ে 'আসল বিএনপি'র লোকজন। কয়েক মাস আগে বিএনপির হামলায় আসল বিএনপির একটি গাড়ি ভস্মিভূত হয়।
ইত্তেফাক/এএম।
