স্টাফ রিপোর্টার, বগুড়া
উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২টি উপজেলায় ৫০ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ১৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২২ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২ জন জামানত হারিয়েছেন। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায় ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের একভাগ ভোট না পেলে সেই প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেয়া জামানত হারাবেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ১২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট ১৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে শেরপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
