সাতক্ষীরায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ছয় স্তরের নিরাপত্তা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:১০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সাতটি উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় এ নির্বাচনসামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য জেলায় ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্স, ব্যালটসহ বিভিন্ন নির্বাচনসামগ্রী তুলে দেওয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদের। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল কবির বলেন, জেলা ৫৯৭টি ভোট কেন্দ্রের জন্য নির্বাচন প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনসামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে। রবিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, জেলাব্যাপী ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ৪২৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো মূল্যে ২৪ মার্চের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।