ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরে নিজেদের সব ক্রিকেটারকে চান বলে জানালেন দলটির কোচ ট্রেভর বেইলিস। ইংল্যান্ডের বাংলাদেশ সূচিতে রয়েছে দুটি টেস্ট। আর ভারতে গিয়ে খেলবে আরও পাঁচটি টেস্ট। তবে ভারতে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না তারা ফলে একই দল হলে বেইলিসের জন্য সুবিধে হয়।
তাই বাংলাদেশ সফরের পর ভারত সফরে একই দলের অংশগ্রহনের ব্যাপারটি নিশ্চিত করাটাই মূল লক্ষ্য তার। তবে বাংলাদেশ সফরে কোনো ক্রিকেটার নিজেকে প্রত্যাহার করে নিলে তা পরবর্তী সফরে প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।
বেইলিস বলেন, ‘দুটো স্কোয়াড আলাদা ভাবে বেছে নেওয়াটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ সফরে কে যাবে আর কে যাবে না সেটি ভিন্ন বিষয়। তবে দুটো সফরে একই স্কোয়াড হলে ভালো হয়।’
বাংলাদেশ সফরের সবুজ সংকেতে পর খেলতে আসতে সরাসরি নিজের মতামত প্রকাশ করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সফরের ব্যাপারে ইতিবাচক জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে শঙ্কা প্রকাশ করেছেন অ্যালেক্স হেলস। আর এখনও দোটানার মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। যদিও বেইলিস ও সহকারী কোচ পল ফারব্রেস সফর করার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ই্ত্তেফাক/এমএইচ
