ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
ফকিরহাটে শিক্ষার গুণগত মান উন্নয়নে স্থানীয় সরকারের কাছে অংশীজনের প্রত্যাশা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় জনতার মুখোমুখি উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করে শেখ হেলালউদ্দীন ফাউন্ডেশন। অধ্যক্ষ অমিত রায়ের সভাপতিত্বে শিরিনা আক্তার কিসলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভিন।
আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তহুরা খানম ও শেখ মুসতাহিদ সুজা। চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন দাশ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মোড়লের কাছে সাধারণ জনগণের নানা প্রত্যাশা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন শিক্ষক অভিভাবক সদস্যরা। এসডিজি বাস্তবায়নে শিক্ষার মান উন্নয়নে জনতার মুখোমুখি নানা প্রশ্নে বিদ্ধ হয়ে সভা শেষ হওয়ার আগেই চলে যান নুর মোহাম্মদ মোড়ল।
