কুমিল্লায় খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩০
কুমিল্লায় মুরগী ও মাছের খামারের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাহবুবুল ইসলাম কালু (২৮) জেলার আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে।
 
সোমবার দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার সমুহারপাড় এলাকার একটি ব্রিক ফিল্ডসংলগ্ন একটি ঘরে তাকে হত্যা করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগী ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল ইসলাম (কালু)। খামারের মালিক প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। কালু ওই খামার দেখভাল করতেন এবং খামার পাহারা দেয়ার জন্য এর পাশে নির্মিত একটি ঘরে রাতে একা থাকতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
 
ইত্তেফাক/এএএসএমইউ