মিজানুর রহমান নয়ন, চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন উপজেলায় তরমুজের ভালো ফলন হয়েছে। এ বছর এ অঞ্চলে ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। উপজেলার মুজিব নগর, চরকলমি নূরাবাদ ও নীলকমলসহ বেশকিছু ইউনিয়ন ঘুরে তরমুজের ভালো ফলন লক্ষ্য করা গেছে।
নীলকমল ইউনিয়নের বাসিন্দা সুমন জানান, তিনি চর যমুনায় ১৯ একর জমিতে সুপার এম পি আর জাতের তরমুজ চাষ করেছেন। আশার অধিক ফলন হয়েছে। শেষ সময় পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে তরমুজ বিক্রি করে ভালো লাভ করতে পারবেন বলে আশা করছেন তিনি। নূরাবাদ ইউনিয়নের কৃষক আহাম্মদ উল্লাহ জানান , গতবছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তরমুজ কাটাও শুরু করে দিয়েছেন তিনি। পাইকাররা আসছেন তার কাছ থেকে তরমুজ কিনতে। পাইকার খলিল উল্যাহ দেওয়ান বলেন, আমরা ঢাকায় পাঠানোর জন্য আগাম ফসল কিনছি। ঢাকায় প্রতি পিস তরমুজ ১৫০-২০০ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছি। ইতোমধ্যে চরফ্যাশনের খুচরা বাজারে আগাম তরমুজ বিক্রি শুরু করেছেন তিনি।
জানা গেছে, চরফ্যাশন বাজারে বর্তমানে প্রতি পিস তরমুজ ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলেন, আগাম তরমুজ উঠেছে, তাই দাম একটু বেশি। আমাদেরও মাঠ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। গত বছর বৃষ্টি হওয়ায় ভালো দাম পাইনি, এবছর যদি বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগ না হয় তবে গতবছরের লোকসান কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার বলেন, এবছর তরমুজের প্রচুর ফলন হওয়ায় চাষিরা আনন্দিত। অনেকে ফল কাটার অপেক্ষায় আছেন, কেউ কেউ কাটা শুরু করেছেন। সম্প্রতি প্রবল বৃষ্টিতে পানি জমে প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
