ইত্তেফাক রিপোর্ট
পেটের মধ্যে করে আটশ পিস ইয়াবা পাচার করার সময় ফরিদ আহমদ নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা বলে বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছেন।
জানা গেছে, আটককৃত ফরিদ আহমদ-এর বাবার নাম রহমত উল্লাহ। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং লেজিরপাড়ায়। গতকাল দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদ আহমদ (৩৩) ইউএসবাংলা এয়ারলাইন্সযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর আর্মড পুলিশ তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করেন। তার পায়ুপথ থেকে আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
