চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী ফ্লাইটের যাত্রা বাতিল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:২২

টয়লেটের ফ্লাশ নষ্ট

চট্টগ্রাম অফিস

টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটটি গত শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম থেকে দুবাইর উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। উড্ডয়নের আগে ফ্লাইটে টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। তবে ফ্লাইট বাতিল করার বিষয়টি যাত্রীদেরকে জানানো হয় সন্ধ্যা ৭টার দিকে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান ইত্তেফাককে জানান, শুক্রবার সকাল ১১টায় ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে টয়লেটের ফ্লাশ কাজ না করায় তা বাতিল করতে হয়।

এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদেরকে দিনভর ভোগান্তি পোহাতে হয়। তাদের আত্মীয়-স্বজনরা দিনভর বিমানবন্দরের বাইরে উত্কণ্ঠার মধ্যে ছিলেন। ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ১৮০ জন। ফ্লাইট বাতিল হওয়ার পর এদের অনেককেই হোটেলে পৌঁছে দেয় ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।