ফেনীতে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বালিগাঁও ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার জয়নাল আবদীনকে কুপিয়ে ও গুলিবিদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে জয়নাল আবদীন ফেনী শহর থেকে বাড়ী ফিরছিলেন। তিনি বালিগাঁও ইউনিয়নের মধুয়াই বড় পোলের নিকট পৌঁছুলে দূর্বৃত্তরা তাকে ঘেরাও করে প্রথমে পিটিয়ে, কুপিয়ে আহত করে। তারপর খুব কাছে থেকে তার বুকে গুলি করে চলে যায়। আহত জয়নালকে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ পরে সে মারা যায়।
নিহতের ভাই ও স্থানীয়রা ধারণা করছে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে জয়নাল আবদীনকে হত্যা করা হয়েছে। নিহতের ভাই আমির হোসেন তার ভাইয়ের হত্যাকারী ও নির্দেশদাতা যুবলীগ নেতাসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ ফৌজুল কবীর জানান, গুলিবিদ্ধ অবস্থায় জয়নালকে ভর্তি করা হয়। তার বুকে গুলিবিদ্ধ ও দু’হাত পা ভাঙ্গা ছিল। জরুরী চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যায়নি।
ইত্তেফাক/এএন
