ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:২১
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জয়নাল আবেদীন (৪০)  দক্ষিণ মধুয়াই গ্রামের হাফেজ আহম্মেদের ছেলে। তিনি বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
জানা গেছে, মঙ্গলবার রাতে জয়নাল শহরের একটি রেস্তোরাঁয় পারিবারিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন । মধুয়াই ব্রিজে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পেটানোর পর গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য জয়নাল ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল। বর্তমান চেয়ারম্যান আমির হোসেন বাহারের পক্ষে সে নির্বাচন করছিলেন। সীমানা সংক্রান্ত জটিলতায় গত জুনে উচ্চ আদালতের নির্দেশে ওই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
 
ইত্তেফাক/এএসএমইউ