পোকেমন গো-এর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৬
অগমেন্টেড রিয়েলিটি গেম পোকেমন গো-এর বিরুদ্ধে এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে। ভারতের গুজরাটের আদালতে অভিযোগে বলা হয়েছে, কোটি কোটি নিরামিষভোজীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে গেমটি।
 
হিন্দু ও জৈনদের প্রার্থনার যায়গাগুলোতেও ডিমের পোকেমন ভেসে উঠার অভিযোগ রয়েছে। নিরামিষ ভোজীদের প্রার্থনার যায়গায় আমিষজাতীয় খাবারের ছবিকেও ব্লাসফেমির সঙ্গে তুলনা করা হয়।
 
পোকেমন গো গেমটির তৈরিকারীদের এই অভিযোগের জবাব দিতে বলেছে আদালত। তবে নিয়ানটিক ইনকরপোরেশন ভারতের আদালতের কাছে জবাবদিহি করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ নিয়ে ভারতের সামাজিক মাধ্যমগুলোতে বিতর্কও চলছে।
 
বিতর্ক প্রসঙ্গে একজন টুইটারে উপহাস করে লিখেছেন, নিরামিষভোজীদের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে যদি পোকেমন গো-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় তাহলে শুকরের ছবি থাকার কারণে অ্যাংরি বার্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হয়। সূত্র: বিবিসি