শৃঙ্খলা ফেরাতে আজ থেকে সড়কে পুলিশের বিশেষ টিম

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৪২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আগামীকাল (আজ) রবিবার থেকে রাজধানীর প্রতিটি ইন্টারসেকশন রুটে পুলিশের বিশেষ টিম নামানো হবে। বিশেষ এই টিম আগামী সাত দিন সড়কে চলাচলকারী পরিবহন কোম্পানিগুলোর প্রতিযোগিতা রোধ, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও কৃত্রিম যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার থাকবে।

শনিবার ডেমরার মাতুয়াইলের সামছুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শিক্ষার্থী-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, মাদকাসক্ত ব্যক্তি কেবল নিজেকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এমন মাদকাসক্ত সন্তান পরিবারের জন্য অভিশাপ। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে। মাদকের ছোবল থেকে কেউ নিরাপদ নয়। প্রত্যেকের সন্তান এ ঝুঁকির মধ্যে আছে। এ জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদ উদ্দিনসহ রাজনৈতিক নেতাকর্মী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।