ইত্তেফাক রিপোর্ট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে টয়লেটের ঝুড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এই স্বর্ণের বারগুলো কে বা কারা ফেলে রেখেছিল তা জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের সাত নম্বর বোর্ডিং ব্রিজের পাশে থাকা পুরুষ টয়লেট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস বিভাগ জানায়, টয়লেটের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপ দিয়ে স্বর্ণের বারগুলো মোড়ানো অবস্থায় ছিল। পরে সেখান থেকে নয়টি প্যাকেট উদ্ধার করে কাস্টমস হাউজের অফিসে সেগুলো খোলা হয়। খোলার পর দেখা যায় নয়টি প্যাকেটে ৪৮টি স্বর্েণর বার রয়েছে। যার ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক সাত কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।
