বগুড়ায় বিদ্যুৎ বোর্ডের লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর জলিল (৫৬) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। 
 
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বড়গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর জলিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসিন্দা।
 
জানা গেছে, লাইনম্যান আব্দুল জলিল  শহরের বড়গোলা ভূমি অফিসের সামনে সার্ভিস লাইনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতা বশত ১১ হাজার কেভি তারের সঙ্গে সংস্পর্শে তিনি নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন বিকেল ৫টায় তিনি মারা যান।
 
বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ জানান, আব্দুল জলিল ব্যক্তিগত উদ্যোগে কাজে গিয়েছিলেন। অসাবধনাত বশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি