অভিশংসনের পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়েছেন দিলমা রৌসেফ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯
ব্রাজিলের অভিশংসিত প্রেসিডেন্ট দিলমা রৌসেফ প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেছেন।
 
মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ার আলভোরাডা প্রাসাদ ত্যাগ করার সময় তাকে বিদায় জানাতে সমর্থক ও সহকর্মীরা প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ছিলেন, তাদের অনেকে ফুল দিয়ে রৌসেফকে বিদায় জানান।
 
পরবর্তী নির্বাচনে সুবিধা পেতে বাজেটে ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগে রৌসেফকে গেল সপ্তাহে চূড়ান্তভাবে অভিশংসন করা হয়। এর আগে অভিশংসনে বাজেট ঘাটতি কমিয়ে দেখানোর জন্য তাকে দোষী সাব্যস্ত করে সিনেট। তবে ভুল কোনো কিছু করার কথা অস্বীকার করেছেন রৌসেফ। অভিশংসনকে ‘সাংবিধানিক ক্যু’ বলে অভিহিত করেছেন তিনি।
 
ব্রাজিলের টেলিভিশনে দেখানো হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে হেঁটে বের হওয়া রৌসেফকে ঘিরে রেখেছেন তার নিজ দল ওয়ার্কার্স পার্টির সাবেক মন্ত্রী ও কংগ্রেস সদস্যরা। এ সময় তার সমর্থকরা হাত বাড়িয়ে বিভিন্ন উপহার তুলে দেন।
 
৫৬ বছর বয়সী সমর্থক সেসিলিয়া মোন্তিয়ার বলেন, ‘অনেক অনেক দুঃখিত, মনে হচ্ছে দেশটি এতিম হয়ে গেল।’ ব্রাসিলিয়া থেকে বিমানে করে তিনি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো অ্যালেগরেতে চলে যান। সেখানেই তার বাস। -বিবিসি
ইত্তেফাক/এমএএস