রাজশাহীতে নকল ওষুধ কারখানা সিলগালা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭
রাজশাহীতে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
বুধবার বিকেল ৫টার দিকে মহানগরীর বালিয়াপুকুর এলাকায় ‘ফাস্ট এগ্রোভেট’ নামের ওই ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালিক সেলিম মিয়াকে (৪০) তিন মাসের এবং কেমিস্ট আবুল কালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান। এ ছাড়া কারখানার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা  আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।
 
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, দণ্ডিত সেলিম মিয়ার বাড়ি জামালপুরে। ২০০৬ সালের দিকে তিনি রাজশাহীতে এই কারখানা গড়ে তোলেন। সেখানে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিদেশি ওষুধের লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কারাখানার মালিক ও কেমিস্টকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান কারাদণ্ড দেন।
 
ইত্তেফাক/ইউবি