ফ্যাশন ডিজাইন সেক্টরকে শিগগিরই শিল্প হিসাবে ঘোষণা করা হবে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ব্যবসা সংযোগ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানিয়েছেন।
এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণপ্রাপ্ত ‘এসএমই ফ্যাশন ডিজাইনারদের’ সাথে দেশের ‘ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারীদের’ ব্যবসা সংযোগ স্থাপনের লক্ষ্যে গতকাল সিরডাপ সম্মেলন কেন্দ্রে ব্যবসা সংযোগ বিষয়ক কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটিতে এসএমই ফ্যাশন ডিজাইনার, ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারী, ফ্যাশন ইন্সটিটিউট সমূহের ছাত্র-ছাত্রীবৃন্দ, ফ্যাশন গবেষকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ্উদ্দিন আকবর।
