বাংলাদেশে এমরাজিনা ইসলাম ও শোয়েব মোহাম্মাদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান পেওনিয়ার। আগামী দুই বছর বাংলাদেশে পেওনিয়ারের ব্যবসায়িক উন্নয়নে কাজ করবেন তারা।
বাংলাদেশে পেওনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত এমরাজিনা ইসলাম ২০১৩ সালে বেসিস থেকে নারী বিভাগে পুরস্কারপ্রাপ্ত তিন সেরা ফ্রিল্যান্সারদের একজন। তিনি আউটসোর্সিং করছেন ২০১১ সালের জানুয়ারি থেকে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি শুধু নারীদের নিয়ে শুরু করেন ক্রিয়েটিভ কিটেন্স নামের একটি প্রতিষ্ঠান।
অন্যদিকে শোয়েব মোহাম্মাদ সার্টিফাইড কমিপউটার গ্রাফিক্স জেনেরেলিস্ট। বর্তমানে আর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন দ্য স্ট্রেইট লাইট স্টুডিও এবং নিজল প্রডাকশনে। একই সাথে শেখো নামের নিজস্ব প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, যেখানে বাংলাদেশে দক্ষ অ্যানিমেটর তৈরির লক্ষ্যে অ্যানিমেশনের ওপরে এক বছরের অ্যাডভান্স কোর্স করানো হয়।
এমরাজিনা ইসলাম ও শোয়েব মোহাম্মাদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, পেওনিয়ারের প্রতিনিধি হিসেবে এ দেশের মানুষদের সহযোগিতা করতে চাই এবং এদেশের পেওনিয়ার গ্রাহকদের পরামর্শ, মতামত পেওনিয়ারের কাছে পৌঁছে দিতে চাই।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ২০০৫ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এখন বিশ্বজুড়ে দুই শতাধিক দেশে ভিন্ন ভিন্ন মুদ্রায় উত্তোলনযোগ্য দশ লক্ষাধিক ব্যবহারকারীর আস্থার প্রতীক পেওনিয়ার। বাংলাদেশে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে ২০১৪ সালে।-প্রেসবিজ্ঞপ্তি।
ইত্তেফাক/এএসএস
