রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল বলেছেন, এবারের মৌসুমে তার দল বার্সেলোনার কাছ থেকে যে করেই হোক লা লিগা শিরোপাটি ছিনিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। চার বছর হলো এই শিরোপার দেখা পাচ্ছে না মাদ্রিদ শহরের জায়ান্ট দলটি।
রিয়াল তারকা বেলও চান শিরোপাটি জিততে। ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে নাম লেখানোর পর এই ওয়ালসের অধিনায়ক দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন; একবার জিতেছেন কিংস কাপ। কিন্তু স্পেনের ঘরোয়া লিগ শিরোপাটিতে হাত রাখা হয়নি তার। সর্বশেষ মৌসুমে রিয়াল লা লিগার শেষ দিন পর্যন্ত বার্সার সঙ্গে লড়াই ধরে রাখলেও শিরোপা জিততে পারেনি। এক পয়েন্টে এগিয়ে থাকায় লিগ শিরোপা যায় বার্সার ঘরে। রিয়াল সর্বশেষ লা লিগার শিরোপাটি জিতেছিলো ২০১২ সালে, কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানে। ঐ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট সংগ্রহ করে শিরোপাটি নিশ্চিত করেছিলো তারা।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে রিয়াল। দু’টিতেই জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছে কোচ জিনেদিন জিদানের দল। আন্তর্জাতিক ফুটবলের কারণে বিরতির পর আগামীকাল শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তারা মুখোমুখি হবে ওসাসুনার সঙ্গে। খেলাটির আগে লা লিগা নিয়ে রিয়াল তারকা বেল বলেন, ‘এটা গুরূত্বপূর্ণ, আমরা এই বছর লা লিগা শিরোপা জিতবো। কেননা অনেক দিন হয়ে গেলো আমরা শিরোপাটি জিতেছিলাম।’
বুধবার এডিডাসের আয়োজনে এক অনুষ্ঠানে বেল আরো জানান, এবারের মৌসুমে রিয়াল লা লিগাকে গুরূত্ব দিলেও নজর থাকবে সবক’টি শিরোপার দিকেই। এই ওয়ালস ম্যান আরো বলেন, ‘এটাতেই (লা লিগা) আমাদের আসল নজর থাকবে। যদিও আমরা প্রত্যেকটি শিরোপাই জিততে চাই।’
সাম্প্রতিক মৌসুমগুলোতে লা লিগায় সাফল্য দেখাতে না পারলেও স্পেনের ঘেরোয়া লিগে সবচেয়ে সফল দল রিয়ালই। ৩২টি লা লিগা শিরোপা জিতে সাফল্যের শীর্ষে তারা। যদিও গত কয়েক বছরে এই শিরোপাটি বার্সার ঘরেই বেশিই থাকছে। গত আট মৌসুমে ছয়বারই শিরোপাটি জিতে কাতালান ক্লাবটি। এবার মৌসুম শেষে লা লিগা শিরোপাটি রিয়ালের শোকেসেই শোভা পেতে পারে বলে মনে করেন বেল— ‘রিয়াল মাদ্রিদ সবকিছু জয়ের স্বপ্ন দেখে। আমরা যখন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন সেটা জিততে চাই। কাপ, লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ—আমরা সবকিছুই জিততে চাই।’
আন্তর্জাতিক ফুটবলে বিরতির পর ওসাসুনার বিপক্ষে ম্যাচটি নিয়ে খুবই উজ্জীবিত বেল। দলটির বিপক্ষে রিয়াল পুরো শক্তি নিয়েই মাঠে নামবে বলে জানান তিনি।—সুপার স্পোর্টস
ইত্তেফাক/এসএসএ
