সড়কে নিহত ৮

মোটরসাইকেল দুর্ঘটনাতেই ৫ জনের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২৩:০৬

ইত্তেফাক ডেস্ক

গাজীপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। জয়পুরহাটেও মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে দুই জন। চট্টগ্রামেও মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মুন্সীগঞ্জে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার সময় বাস চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আড়াই ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হয়েছে।

এদিকে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। তার নাম আব্দুছ সালাম (৪৫)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। নিহতের ফুফাতো ভাই শামীম জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামে। এ ঘটনায় ট্রাকসহ চালক জুনায়েদকে (১৯) আটক করেছে পুলিশ। আমাদের বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

গাজীপুর প্রতিনিধি জানান, মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার দুপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত এবং আহত হয়েছে তাদের আরেক বন্ধু আলামিন (১৮)। নিহতরা হলেন মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির   (১৮) এবং ভীমবাজার এলাকার রবিন হোসেন (২২)। এরা সবাই স্থানীয় লিংকন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় আসওয়াত হোসেন (১১) নামের আরো এক তরুণ আহত হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, প্রথমে অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়ে। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস দুই কলেজ ছাত্র নাছির ও রবিনকে চাপা দেয়। ঘটনাস্থলেই নাছির ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রবিন মারা যায়। আলামিনও আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি/পাঁচবিবি সংবাদদাতা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রাম মোড়ে শনিবার বিকালে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা  হলেন উপজেলার পানিয়াল গ্রামের তবিবর রহমান (৬০) এবং দানেজপুর গ্রামের মাহফুজুর রহমান (২০)।

দুর্ঘটনায় গুরুতর আহত বালিঘাটা বাজারের রাতুলকে (২০) প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে এবং পরে  উন্নত চিকিত্সার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তবিবর রহমান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাঁচবিবি বাজারে আসছিল এবং অপর মোটরসাইকেলে মাহফুজার রহমান ও রাতুল একই পথে পাঁচবিবি থেকে কুসুম্বার দিকে যাচ্ছিল। বিদ্দিগ্রাম মোড় নামক স্থানে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কাস্টমস হাউজ মোড়ে লরির নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ওসমান গণি (২৯) একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। বন্দরের ৪নং জেটি গেইট এলাকায় গতকাল শনিবার ভোর রাতে লরির নিচে চাপা পড়ে আহত হয় ওসমান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর মারা যায় ওসমান গণি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তর (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে টিফিন খেতে বাড়িতে যাওয়ার সময় মেদেনিমণ্ডলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা। আড়াই ঘণ্টা পর লৌহজং থানার নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, মাওয়া থেকে ঢাকামুখী বনফুল পরিবহনের একটি বাস সড়কের পাশে থাকা স্কুল ছাত্রকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায় অন্তর। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে শনিবার বিকালে ট্রাক চাপায় মনিরুল ইসলাম (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মনিরুল শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুবলি ভান্ডারের সলি মণ্ডলের ছেলে।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে, এতে ট্রাকের চালক আল-আমিন আহত হয়েছে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে রামপাল উপজেলার গোনাই ব্রিজের কাছে   শুক্রবার রাতে ঝড়ে গাছ ভেঙে পড়ার পর যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।