বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে, সংকীর্ণ করছে। সরকারের এসব কর্মকাণ্ডের কারণে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।'
শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জাদুঘর থেকে সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নিয়েছে। এক মন্ত্রী জিয়াউর রহমানের কবর সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন। আমরা ভোটার বিহীন সরকারের এসব কমর্কাণ্ডের তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, পদক ও কবর সরিয়ে জিয়াউর রহমানকে ছোট করা যাবে না। বরং সরকারই আরো ছোট হবে। জিয়া ১৬ কোটি মানুষের হৃদয়ে আছেন।
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়ার সমাধিকে পুস্পস্তাবক অর্পণ করেন তিনি।
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেয়া হলে বিএনপি কোনো কর্মসূচিতে যাবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে অবশ্যই এটি প্রতিরোধ করার চেষ্টা করব।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পদক বিলকিস জাহান শিরিন, মহিলাবিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
